জাতীয়শীর্ষ সংবাদ

সংলাপের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আর এই পথচলায় বাংলাদেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন। বৈঠক এখনো চলছে।

আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তাঁর প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা।

প্রেস সচিব জানান, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন। আজ একটি মহৎ উদ্যোগ শুরু হলো। আজকের দ্বিতীয় যাত্রার মধ্যদিয়ে আমরা কী রকমের বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে।’

এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও প্রশাসনের চালানো নৃশংসতার তথ্যও জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, ‘জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে, তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন হাসিনা।’

এ সময় বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের সমর্থন আছে বলেও জানান তিনি।

এদিকে নির্বাচন আয়োজন নিয়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠক ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনৈতিক অংশ নিচ্ছেন। আজ বেলা তিনটার পরপর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।

আপনার মতামত শেয়ার করুন:

আরও পড়ুন

Back to top button