জাতীয়

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত

বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এ অভিযোগ পাওয়া গেলে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে সেনা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

এরই ধারাবাহিকতায়, গত ১৭ জুলাই রাজধানীর উত্তরা এলাকা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।

শুক্রবার (০১ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে। পূর্ণ তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনা আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এছাড়া অভিযুক্ত কর্মকর্তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়েও আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী দায় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক, শৃঙ্খলাপরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী তার সকল সদস্যের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখার প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার মতামত শেয়ার করুন:

আরও পড়ুন

Back to top button